দর্শনায় আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত নতুন থানা ভবনের নির্মাণ কাজের উদ্বোধন
- আপডেট সময় : ০৮:৪৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

মোঃ নাঈম উদ্দীন স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা।
চুয়াডাঙ্গা জেলার সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ এলাকা দর্শনায় পুলিশি সেবার মানোন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে চারতলা বিশিষ্ট নতুন থানা ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (১৮ মার্চ) সকাল ১০:০০ ঘটিকায় চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
উদ্বোধনকালে পুলিশ সুপার বলেন, “বর্তমান সরকারের আধুনিক ও স্মার্ট পুলিশিং গড়ার যে লক্ষ্য, এই নতুন ভবনটি তারই একটি প্রতিফলন। দর্শনা একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সীমান্ত এলাকা।
এখানে একটি মানসম্মত কর্মপরিবেশ সৃষ্টি হলে পুলিশ সদস্যরা আরও উদ্দীপনার সাথে কাজ করতে পারবেন। এর ফলে সাধারণ মানুষ হয়রানিমুক্ত এবং দ্রুততম সময়ে উন্নত পুলিশি সেবা পাবেন।”
তিনি আরও উল্লেখ করেন যে, নতুন এই চারতলা ভবনে নারী, শিশু ও প্রতিবন্ধীদের জন্য আলাদা ডেস্কসহ আধুনিক হাজতখানা এবং পর্যাপ্ত দাপ্তরিক কক্ষের ব্যবস্থা থাকবে, যা জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে নতুন ভবনের নির্মাণ কাজের সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে পুলিশ সুপার উপস্থিত সকলকে নিয়ে নির্মাণাধীন সাইটটি পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের গুণগত মান বজায় রেখে দ্রুত কাজ শেষ করার নির্দেশনা প্রদান করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে, নতুন ভবনটি নির্মিত হলে দর্শনার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



















