সাঘাটায় ব্লেন্ডার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চা দোকানির মৃত্যু, অসহায় অসুস্থ বাবা-মা
- আপডেট সময় : ১২:০৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

মোঃ রেজাদুল ইসলাম রেজা গাইবান্ধা
গাইবান্ধার সাঘাটা উপজেলায় ব্লেন্ডার মেশিন চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জ্যোতিষ চন্দ্র বর্মন (মনা), ৩০, নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে।২৫ শে এপ্রিল ২০২৬) শনিবার সকালে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া পচাবস্তা গ্রামের নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জ্যোতিষ চন্দ্র বর্মন ওই এলাকার সুরেন্দ্র বর্মনের ছেলে। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, শনিবার সকালে নিজ বাড়িতে ব্লেন্ডার মেশিন চালানোর সময় হঠাৎ শর্ট সার্কিট হয়। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
জ্যোতিষ চন্দ্র বর্মন স্থানীয় মতরপাড়া বটতলা বাজারে একটি ছোট চায়ের দোকান চালাতেন। দোকানের সামান্য আয় দিয়েই চলত তার অভাবের সংসার। তার বাবা ও মা দুজনই দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে আক্রান্ত ও শয্যাশায়ী। একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে পরিবারটি এখন চরম অসহায় অবস্থায় পড়েছে।
তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’



















