সরোজগঞ্জে দুই মাদক কারবারীকে পুলিশ কর্তৃক আটকের পর ভ্রাম্যমান আদালত জেল -জরিমানা।
- আপডেট সময় : ০৬:০৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার সরোজগঞ্জে গাঁজাসহ দুই যুবককে আটকের পর কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার কালুপোল রোড এলাকা থেকে তাদের আটক করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার রতনপুর গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে নূর হোসেন (২৯) এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার যুগিরহুদা গ্রামের সানোয়ার হোসেনের ছেলে শাকিল (১৮)।
জানা গেছে, জেলাজুড়ে পুলিশের নিয়মিত মাদকবিরোধী বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গতকাল সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার কালুপোল রোডে অভিযান পরিচালনা করেন সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের চৌকোস ইনচার্জ এসআই শরীফুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা।
অভিযানে নূর হোসেন ও শাকিলকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। আটকের পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ। এসময় আটককৃত দুজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেকের ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্তদের রাতেই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এই ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।



















