রমজানে অনাহারে অসহায় বৃদ্ধা, মানবিক সহায়তার আহ্বান।
- আপডেট সময় : ১২:৪৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ৭১ বার পড়া হয়েছে

মো: তরিকুল ইসলাম
মহম্মদপুর(মাগুরা)প্রতিনিধি,
মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিনোদপুর মোল্লাপাড়া গ্রামের ধলাবরু (৭০) চরম মানবেতর জীবনযাপন করছেন। তাঁর স্বামী মোজাহিদ যুদ্ধকালীন সময়ে মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে একা জীবন সংগ্রাম চালিয়ে আসা এই বৃদ্ধা বর্তমানে দৃষ্টিশক্তি হারানোর পথে—দুই চোখেই ছানি পড়েছে।
রমজান মাস শুরু হলেও তাঁর ঘরে নেই ন্যূনতম খাবারের সংস্থান। কাঁপা কণ্ঠে ধলাবরু বলেন,
“ঘরে খাওয়ার কিছুই নাই। হয়তো পানি খেয়েই রোজা রাখতে হবে।”
শারীরিক দুর্বলতা ও অসুস্থতা সত্ত্বেও জীবিকার তাগিদে তিনি দারে দারে ঘুরে বেড়াচ্ছেন। বয়সের ভার, চোখের সমস্যা আর অনাহার—সব মিলিয়ে তাঁর অবস্থা দিন দিন আরও শোচনীয় হয়ে উঠছে।
এলাকাবাসীর অভিযোগ, এত কষ্টের মধ্যেও এখন পর্যন্ত কোনো সরকারি বা বেসরকারি সহায়তা তাঁর কাছে পৌঁছায়নি। রমজানের এই পবিত্র সময়ে অসহায় বৃদ্ধার পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও মানবিক সংগঠনগুলোর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
ধলাবরুর মতো অসহায় মানুষের মুখে যেন অন্তত একবেলা খাবার ওঠে—এই প্রত্যাশাই এখন সবার।



















