দর্শনা থানার তিতুদহ পুলিশ ক্যাম্প নিয়ন্ত্রিত এলাকায় ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক-আইন শৃঙ্খলার অবনতি।
- আপডেট সময় : ০৫:৩৯:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

র্স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার আন্দুলবাড়ী-সরোজগঞ্জ সড়কের সড়াবাড়িয়া- গহেরপুর মাঠের পাঁচ কবর এলাকায় এক ট্রাক চালক ও হেলপারকে বেঁধে মারধর করে নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে গতকাল শনিবার রাত ৮টার দিকে।এ ঘটনার পর এলাকায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।ভুক্তভোগী এলাকাবাসী তিতুদহ ক্যাম্প পুলিশের আন্তরিকতার অভাবকে দায়ী করছে।
প্রাপ্ত তথ্যে প্রকাশ, ট্রাক চালক আসমত আলী (৪৫) জানান, আন্দুলবাড়ীয়া থেকে বালু আনলোড করে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তারা গহেরপুর মাঠে পৌঁছালে একটি ভাঙা ব্রিজের কারণে ট্রাকটির চাকা পিচ্ছিল হয়ে পিছিয়ে যায়। এসময় সুযোগ বুঝে ৭-৮ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র নিয়ে ট্রাকের দিকে ধেয়ে আসে। তারা চালক ও হেলপারকে ভয়ভীতি দেখিয়ে ট্রাকের দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং হত্যার হুমকি দেয়। একপর্যায়ে চালক আসমত আলীর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে ট্রাকে থাকা ঝাপি থেকে নগদ ১৯ হাজার টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।
হেলপার বিপ্লব হোসেন (১৯) জানান, কিছু বুঝে ওঠার আগেই তাদের বেঁধে ফেলা হয় এবং টাকা নিয়ে ছিনতাইকারীরা পাশের ভুট্টাক্ষেতে পালিয়ে যায়
ঘটনার পর আহত অবস্থায় তারা ট্রাক নিয়ে গড়াইটুপি বাজারে গিয়ে একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা নেন। আসমত আলী কুষ্টিয়ার চৌড়হাস এলাকার বাসিন্দা এবং হেলপার বিপ্লব একই এলাকার বাসিন্দা।
এ বিষয়ে তিতুদহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অরব কুমার জানান, পুলিশ টহলে থাকলেও অন্য একটি কাজে থানায় যাওয়ার সময় ঘটনাটি ঘটে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।



















