দর্শনায় পুলিশের বিশেষ অভিযান: ৮ পলাতক আসামি গ্রেফতার।
- আপডেট সময় : ১১:০৮:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ ৬১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের এক বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৮ জন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) ভোররাতে দর্শনা থানার পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের হেফাজতে নেয় পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার রুহুল কবীর খান-এর বিশেষ নির্দেশনায় এবং দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান-এর প্রত্যক্ষ নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।
শুক্রবার ভোরের আলো ফোটার আগেই দর্শনা থানাধীন বিভিন্ন গ্রাম ও পৌর এলাকায় ঝটিকা অভিযান চালানো হয়। এসময় দীর্ঘদিনের পলাতক থাকা ৮ আসামিকে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা দর্শনা থানার বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা হলেন-
আসমাউল ইসলাম (৩০), বেগমপুর ইউনিয়নের ঝাঝরি মাঝপাড়া এলাকার বাসিন্দা।
মনির হোসেন (২৪), দর্শনা পৌর শহরের মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।সুজন (২২), দর্শনা পৌরসভার আজমপুর এলাকার বাসিন্দা। সাইফুল ইসলাম ফিল্টু, আকন্দবাড়িয়া নতুনপাড়া এলাকার বাসিন্দা।
মতিয়ার রহমান হৃদয়, তিতুদহ বাজারপাড়া এলাকার বাসিন্দা।
সাদ্দাম হোসেন, চাকুলিয়া এলাকার বাসিন্দা। শহিদুল ইসলাম, চাকুলিয়া এলাকার বাসিন্দা। সিরাজুল ইসলাম, চাকুলিয়া এলাকার বাসিন্দা।
অভিযানের বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, গ্রেফতারকৃত প্রত্যেকের বিরুদ্ধে দর্শনা থানায় বিভিন্ন অপরাধে মামলা রয়েছে। তারা আইনি প্রক্রিয়া এড়াতে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
তিনি আরও বলেন, “এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে আমাদের এ ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হচ্ছে।”
চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, জেলায় অপরাধ দমন এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।
এই অভিযান সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে আনবে বলে আশা করছে স্থানীয় বাসিন্দারা।



















