দর্শনা প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনায় সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে ডিজেল মজুত ও রাতের আঁধারে বিক্রির দায়ে মেসার্স এস আর এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে জব্দকৃত ১৩০ লিটার ডিজেল কৃষকদের কাছে বিক্রি করে লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে দর্শনা পুরাতন বাজারের মেসার্স এস আর এন্টারপ্রাইজের মালিক সেলিম উদ্দীন শান্ত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে মজুত করা ডিজেল জনৈক ট্রাক্টর চালকের কাছে বিক্রি করছিলেন। বিষয়টি এলাকাবাসীর নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে দর্শনা থানা পুলিশকে অবহিত করেন।খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সত্যতা যাচাই করে এবং ডিজেলসহ ট্রাক্টর ও এর চালককে আটক করে। পরবর্তীতে বিষয়টি দামুড়হুদা উপজেলা প্রশাসনকে জানানো হয়।
খবর পাওয়ার পর রাত পৌনে ১২ টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহীন আলম। তিনি ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত পরিচালনাকালে পেট্রোলিয়াম আইন ২০১৬-এর ২০(১) ধারা অনুযায়ী লাইসেন্স ব্যতীত অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিপণনের অপরাধে ব্যবসায়ী সেলিম উদ্দীন শান্তকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সাথে দোকানে অবৈধভাবে মজুত রাখা আনুমানিক ১৩০ লিটার ডিজেল জব্দ করে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন তিনি।
প্রকাশক ও সম্পাদক: জালাল উদ্দিন||ভারপ্রাপ্ত সম্পাদক: তহিরুল ইসলাম || মোবা: ০১৭১২-০৯৫৭৪৭ | ০১৯৭৬-৪৭৪৭১৪ বিজ্ঞাপন: ০১৭৪২-৮০১৭২৬ E-mail: saplanews24@gmail.com যোগাযোগের ঠিকানা ঢাকা অফিস: মা ম্যানশন, বাড়ি নং ২২৯ ব্লক-ডি মিজমিজি মৌচাক রোড সিদ্ধিরগঞ্জ, ঢাকা;শাখা অফিস: দর্শনা বাস স্ট্যান্ড- শাপলা ক্লিনিক গ্রাউন্ড ফ্লোর, দর্শনা, চুয়াডাঙ্গা
www.saplanews24.com